যৌথবাহিনীর কাজে বাধা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ডা. কথক দাশ নামে এক ইসকন সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬ রিমান্ড শুনানি হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডা. কথক দাশের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
হাজারী গলিতে সংঘর্ষ ও গ্রেপ্তার
গত ৫ নভেম্বর ২০২৪ রাতে নগরের হাজারী গলির ব্যবসায়ী ওসমান আলীকে তার দোকানে অবরুদ্ধ করে হামলা চালানো হয়। ইসকন সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ওসমান আলীকে উদ্ধারে গেলে যৌথ বাহিনীর ওপর ইটপাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করা হয়, যাতে সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন।
এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান এই ঘটনায় মামলা দায়ের করেন, যেখানে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।
রাষ্ট্রদ্রোহ মামলায় কথক দাশের নাম
এর আগে, সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, জাতীয় পতাকার অবমাননা এবং নাগরিকদের মধ্যে শ্রেণী বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কোতোয়ালি থানায় ৫২(১০)২৪ নং মামলা দায়ের করা হয়।
বিমানবন্দর থেকে গ্রেপ্তার
এই মামলার অন্যতম আসামি ডা. কথক দাশ ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হয়ে যুক্তরাজ্যে পালানোর চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হন। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। সংবাদ পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ওই রাতেই বিমানবন্দর থানায় উপস্থিত হলে, সেখান থেকে তাকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

