ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে: মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম ব্যুরো

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে: মুহাম্মদ শাহজাহান

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, একটি ব্যাংক নয় শুধু, বিশ্ব ইসলামী অর্থনীতির মডেল ধ্বংস করার চেষ্টা চলছে। ইসলামী ব্যাংক দখল করে পুরোনো দখলদারদের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা চলছে সেটি হতে দেওয়া হবে না। আগের মতো ইসলামী ব্যাংকের গ্রাহকরা বসে থাকবে না। তারা তাদের আমানত ও ইসলামী অর্থনীতির মডেল রক্ষায় এগিয়ে আসবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের দেওয়ান বাজারে মহানগর জামায়াতের কার্যালয়ে ১৩ জুনের মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসার কথা তা আসেনি। শুধু তাই নয়, বর্তমান সরকারের অনেক কার্যকলাপে ফ্যাসিবাদের আলামত পাওয়া যাচ্ছে। সরকার মাত্র ১০০ দিনের মাথায় ফ্যাসিবাদী নানা উদ্যোগ নিতে শুরু করেছে। অনেকেই বলছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার প্রারম্ভেই আন্দোলন শুরু করে দিয়েছে। মূল বিষয় হলো, ক্ষমতার প্রারম্ভেই ফ্যাসিবাদের দিকে হাঁটছে বর্তমান সরকার।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা না থাকায় মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। কিন্তু সরকার এসব জনদুর্ভোগ লাঘবের কোনো উদ্যোগই দিচ্ছে না। আমরা জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করার দাবি জানিয়েছিলাম। বর্তমানেও বিএনপি সরকার স্থানীয় নির্বাচন আয়োজন না করে বিভিন্ন সংস্থায় দলীয় প্রশাসক নিয়োগ করছে, যা গণতান্ত্রিক সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ জুন গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের মহাসমাবেশ নগরের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মহাসমাবেশে প্রধান বক্তা থাকবেন চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। এছাড়া মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলার আমির সিকদার, সেক্রেটারি মো. আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিশের মহানগরী সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহেল, খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, নেজামে ইসলাম পার্টির মহানগরী আমির মাওলানা জিয়াউল হোসাইন, এলডিপি চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দিন আলম, জাগপার মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাস।

পরে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নেতারা লালদীঘির মাঠ পরিদর্শন করে সমাবেশের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...