নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া অঞ্চলের মেঘনা নদীর তীব্র ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জনগণের স্বার্থে এবং উপকূলীয় এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী অর্থবছর থেকেই স্থায়ী প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
রোববার দুপুরে সুবর্ণচরে মেঘনা নদীর তীব্র ভাঙন কবলিত মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালি বাজার ও পার্শ্ববর্তী এলাকা সরজমিনে পরিদর্শন শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, চোখের সামনেই মানুষের বসতভিটা, হাট-বাজার ও শিক্ষা-প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। চোখের সামনে আমরা দেখতেছি একটা স্কুল ভেঙে পড়েছে। আমার বিশ্বাস সবাই একসাথে কাজ করলে মানুষ উপকার পাবে। জনগণের পাশে থাকা এবং তাদের জানমাল রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এলাকাটি পরিদর্শনে এসেছি।
মন্ত্রী বলেন, সামনে বর্ষা মৌসুম থাকায় ভাঙন প্রতিরোধে আমরা ইতিমধ্যে ‘ইমার্জেন্সি ওয়ার্ক’ (জরুরি কাজ) হাতে নিয়েছি। এছাড়া আরও দুই-তিনটি পয়েন্টে দ্রুত জরুরি কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ্যানি বলেন, নদীর অপর প্রান্তে উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচরসহ পুরো হাতিয়া নদীভাঙন এলাকার দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। সেখানে অনেকগুলো প্রকল্প চলমান। তবে সুবর্ণচরের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী বাঁধের। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে আমরা টেকসই বা পার্মানেন্ট কাজের ব্যবস্থাগ্রহণ করব। স্টাডি রিপোর্ট সম্পন্ন হওয়ার পর আগামী অর্থবছরের মধ্যেই এই স্থায়ী কাজগুলো সমাপ্ত করার সর্বোচ্চ চেষ্টা করব।
পানি সম্পদ মন্ত্রী আরো বলে, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনা করছেন।
সরকারের তিন মাসের কাজের মূল্যায়ন করে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি আমরা দায়িত্ব গ্রহণ করেছি এবং ১৭ ফেব্রুয়ারি থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে। এই তিন মাসে প্রতিটি সেক্টরে কীভাবে উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা যায়, তা নিয়ে আমরা জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার নেতৃত্ব দিচ্ছেন। জনগণের প্রত্যেকটি যৌক্তিক দাবিকে তিনি মর্যাদা দিচ্ছেন এবং সেই অনুযায়ী আমাদের নির্দেশনা দিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪ (সদর সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ আজাদ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী-৪ আসনের এমপি মো. শাহজাহান বলেন, আল্লাহর দয়ায় ভবিষ্যতে এই অঞ্চলের মানুষকে নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য আমরা ইতিপূর্বে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। বর্ষাতে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য ক্ষতি রোধে আপাতত জিও ব্যাগ দিয়েছি। আগামীতে এটাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করা হবে। ব্লক সিস্টেম করে নদীকে নিয়ন্ত্রণ রেখে জনপদকে রক্ষা করব।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

