টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ পানির নিচে। রাস্তাঘাট, উঠান, ঘরবাড়ি ও খাল-বিল একাকার হয়ে গেছে। কোথাও চুলায় আগুন জ্বলেনি, কোথাও অসুস্থ শিশু ও বৃদ্ধরা না খেয়ে দিন কাটিয়েছেন। এমন দুর্যোগে সরকারি দপ্তরে বসে নির্দেশনা দেওয়ার বদলে কোমরসমান পানি মাড়িয়ে খাদ্যসামগ্রী কাঁধে নিয়ে পানিবন্দি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গত এলাকায় তাকে ছুটে বেড়াতে দেখা যায়। দিনে শুকনো খাবার, রাতে রান্না করা খাবার নিয়ে তিনি পৌঁছে যান বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর কাছে। প্লাস্টিকের ব্যাগে চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন ক্ষতিগ্রস্ত মানুষের হাতে।
স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের সময় একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এভাবে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়াতে খুব কমই দেখা যায়। পানিবন্দি মানুষের খোঁজ নিতে তাঁর নিরলস ছুটে চলা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার জন্ম দিয়েছে।
ইউএনও রফিকুল ইসলাম বলেন, “গত চার-পাঁচ দিনের টানা বৃষ্টিতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। কাজ বন্ধ থাকায় অনেক পরিবার আয়হীন হয়ে পড়েছে। বৃষ্টিতে জ্বালানি ভিজে যাওয়ায় অনেক ঘরে রান্নাও হয়নি। উপজেলার প্রতিটি এলাকার খবর রাখছি। কোথাও সংকটের খবর পেলেই দ্রুত খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”
স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিন বলেন, “মানুষের সেবায় একজন প্রশাসনিক কর্মকর্তার এমন নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তিনি যেভাবে নিজের দায়িত্বের বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা আমাদের মুগ্ধ করেছে।”
পৌরসভার গোঁয়াখালী টেকপাড়ার বাসিন্দা হাসিনা বেগম বলেন, “কাঠ-খড় ভিজে যাওয়ায় রান্না করতে পারিনি। প্রায় উপোস ছিলাম। বিকেলে হাঁটুপানিতে দাঁড়িয়ে একজন আমাদের খোঁজ নেন এবং খাবারের একটি ব্যাগ দিয়ে যান। পরে জানতে পারি, তিনি ইউএনও।”
উপজেলার নিম্নাঞ্চলের একাধিক গ্রাম এখনো পানিবন্দি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন আশ্রয়কেন্দ্র চালু রেখেছে। পাশাপাশি সার্বক্ষণিক সহায়তা নিশ্চিত করতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরাও দুর্গত মানুষের সহায়তায় মাঠে কাজ করে যাচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

