জুয়ার আসর থেকে ওয়ার্ড আ.লীগের সভাপতিসহ আটক ৯

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

জুয়ার আসর থেকে ওয়ার্ড আ.লীগের সভাপতিসহ আটক ৯

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম প্রকাশ কালামসহ নয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত তাস জব্দ করা হয়।

সোমবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত একটি দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেড়কোটা বাজারের ওই পরিত্যক্ত দোকানঘরে নিয়মিত জুয়ার আসর বসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নয়জনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম (কালাম), একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে শাহ আলম, আলী আফজালের ছেলে মো. ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন এবং মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা এবং তাস উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মো. নূর নবী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন