চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেনী জেলার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটিতে পাসের হার শূন্য শতাংশ।
শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হলো—ফেনী সদর উপজেলার জোয়ার কাছাড় গ্রামে অবস্থিত বিকন মডেল কলেজ এবং লস্করহাট এলাকার বেগম সামসুন নাহার স্কুল অ্যান্ড কলেজ। সীমিত সংখ্যক পরীক্ষার্থী নিয়ে অংশ নেওয়া এসব প্রতিষ্ঠানের এমন বিপর্যয়কর ফলাফল অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার বিকন মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন, মানবিক বিভাগ থেকে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১ জন পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি।
অন্যদিকে, সদর উপজেলার লস্করহাটের বেগম সামসুন নাহার স্কুল অ্যান্ড কলেজ থেকেও কেউ পাস করতে পারেনি। এই প্রতিষ্ঠানটি থেকে মানবিক বিভাগে মাত্র ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তিনজনই ফেল করে।
এ বিষয়ে জানতে চাইলে বিকন মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাসুম বিল্লাহ জানান, «আসলে এ বছর আমাদের যারা পরীক্ষা দিয়েছে, তারা সকলে অনিয়মিত পরীক্ষার্থী ছিল। আগামী বছর থেকে আমরা আশানুরূপ ফলাফল করার চেষ্টা করব।
বেগম সামসুন নাহার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমরানুল হক জানান, আসলে এবার ইংরেজি বিষয়ে আমাদের শিক্ষার্থীরা দুর্বল ছিল।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল্লাহ জানান, এ বিষয়ে সরকারি যে বিধিবিধান ও নীতিমালা রয়েছে, সে মোতাবেক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

