মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শূন্য পাসের দিক থেকে শীর্ষে রয়েছে কুড়িগ্রাম জেলা। এর মধ্যে নাগেশ্বরী উপজেলায় বড় ধরনের ধস নেমেছে। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। শিক্ষা বোর্ডের প্রকাশিত শূন্য শতাংশ (০%) পাস করা কলেজের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এই তিন প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কুড়িগ্রাম জেলায় মোট ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনা ঘটেছে, যার মধ্যে নাগেশ্বরী উপজেলারই রয়েছে ৩টি কলেজ।
বোর্ডের তথ্য অনুযায়ী, শতভাগ অকৃতকার্য হওয়া নাগেশ্বরী উপজেলার প্রতিষ্ঠানগুলো হলো—নাগেশ্বরী মডেল কলেজ (১৫ জন), কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ (৫ জন) এবং ছিলাখানা মডেল কলেজ (৪ জন)।
এদিকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উপজেলাজুড়ে সার্বিক ফলাফলেও বড় ধরনের বিপর্যয় দেখা গেছে। উপজেলার ১৪টি কলেজ থেকে এ বছর মোট ১ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৮৫৯ জন। এতে উপজেলার গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৩.২৯ শতাংশ। এছাড়া সমগ্র উপজেলায় মোট ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘কলেজগুলোর শিক্ষা কার্যক্রম দেখভালে আমরা সরাসরি জড়িত নই; বিষয়টি ওপর থেকে মনিটরিং করা হয়। তবে উচ্চপর্যায়ের নির্দেশনা পেলে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, শিক্ষক সংকট এবং পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতিই এমন বিপর্যয়ের প্রধান কারণ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

