বিএনপির প্রার্থী কাজী সালাউদ্দিনকে নিয়ে তৃণমূলে অসন্তোষ

বিএনপির প্রার্থী কাজী সালাউদ্দিনকে নিয়ে তৃণমূলে অসন্তোষ

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী ও আকবর শাহ আংশিক) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষিত কাজী সালাউদ্দিনকে নিয়ে তৃণমূলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

রোববার (১৬ নভেম্বর) সীতাকুণ্ড পৌরসভা সদরে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদরের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব ছালে আহাম্মদ সদাগরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, মোজাহের উদ্দিন আশরাফ, শাহাবুদ্দিন রাজু, সালামত উল্লাহ সালাম, এডভোকেট আইনুল কামাল, বীর মুক্তিযোদ্ধা মোহরম আলী, মোস্তাফিজুর রহমান হিরু, জিতেন্দ্র নারায়ন নাটু, বখতিয়ার উদ্দীন, শহীদুল্লাহ ভূঁইয়া, হেলাল উদ্দিন বাবর, জিয়া উদ্দিন, বাবলু। তাছাড়া সৈয়দপুর, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া ও কুমিরাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একই দাবিতে গত শুক্রবার বিকেলে উত্তর পাহাড়তলীর ফিরোজ শাহ মিনার থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। উত্তর পাহাড়তলী ৯ নাম্বার ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকার প্রভাতি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রেহান উদ্দিন প্রধান এবং মাহবুবুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আব্দুস সাত্তার সেলিম, হাফেজ মো. বেলাল, গোলাম কিবরিয়া, আনোয়ার, দিদার, নাছির, হাকিম, মান্না, আকবর, হাসান মাহমুদ, শেখ সেলিম, ইলিয়াস খান, আরশেদ খান (নান্নু), সখিনা বেগমসহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম, কাশিমপুর ও কুমিল্লা কারাগারে স্থানান্তরিত হওয়ার মধ্যেও তিনি তৃণমূলের নেতাকর্মীদের দেখভাল করেছেন। মহানগরের একজন নেতাও নেতা কর্মীদের জন্য একটি ওয়ার্ড কিনে দিতে পারেননি। অথচ আসলাম চৌধুরী কারাগারের ভেতরে দুটি ওয়ার্ড কিনে বন্দি নেতাকর্মীদের থাকার ব্যবস্থা করে দেন। কারাগারে আটক নির্যাতিত অনেক নেতাকর্মীর জামিনের ব্যবস্থাও করেছেন তিনি ।

বক্তারা বলেন, যে নেতা দুঃসময়ে আমাদের জন্য এত কিছু করেছেন, তাকে বাদ দিয়ে সুবিধাভোগী অন্য কাউকে প্রার্থী করা হলে তা আমরা মেনে নেব না। আসলাম চৌধুরী একজন উচ্চ শিক্ষিত, নম্র, ভদ্র ও ধর্মপ্রাণ নেতা, যিনি কারাগারে থেকেও দলের আন্দোলন সংগ্রাম ও সভা সমাবেশের জন্য আর্থিকসহ সকল ধরনের সহায়তা করেছেন।

বক্তারা বলেন, কাজী সালাউদ্দিন বিএনপির রাজনীতি করে আমরা জানি তবে তিনি কখনো তৃণমূলের দুঃসময়ে পাশে দাঁড়াননি। অনেকগুলো মামলার আসামি হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা নির্যাতিত নেতাকর্মীদের তিনি কোনো খোঁজখবর রাখেননি।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন, চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনে ধানের শীষ প্রতীকে লায়ন আসলাম চৌধুরীর নাম ঘোষণা না করা পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, তৃণমূলের দীর্ঘদিনের দাবি ও ত্যাগ বিবেচনায় এনে লায়ন আসলাম চৌধুরীকে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন