উখিয়ায় সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক করে থানায় হস্তান্তর

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়ায় সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক করে থানায় হস্তান্তর

কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা স্থানীয় একটি মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার বালুখালী সীমান্তের রহমতের বিল এলাকায় এ অভিযান পরিচালনা করে। এলাকাটি সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

আটককৃত রোহিঙ্গারা হলেন, মোহাম্মদ নুর (৩০), মোহাম্মদ নুর আমিন (৩০), মোহাম্মদ নুর ছাদেক (২৫), মোহাম্মদ এনায়েত হোসেন (৩৫), মোহাম্মদ রশিদ আহমেদ (৩৫), মোহাম্মদ শহিদ (২৫), মোহাম্মদ রায়গুনা (১৯), মোহাম্মদ সৈয়দন্দর (২৫), মোহাম্মদ জালাল হোসেন (২৯), মোহাম্মদ হোসেন (২২), মোহাম্মদ আবু হাসেম (২৯), মোহাম্মদ নুরুল আমিন (২৬), মোহাম্মদ নুরুল সামাদ (২১), মোহাম্মদ ইমরান (২৫), মোহাম্মদ মোশারফ (২৫), জুবায়েদ (৪০), বনি আমিন (২৫), মোহাম্মদ হালেম (২২), মোহাম্মদ সৈয়দ (৪০)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৯ জন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাস করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা স্থানীয় একটি মাছের ঘেরে কাজ করছিলেন।

বিজিবি আরও জানায়, রোহিঙ্গা শিবিরে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের শিবিরের বাইরে অবাধ চলাচল কিংবা স্থানীয় বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার অনুমতি নেই। এ ধরনের কর্মকাণ্ড তাদের অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে রোহিঙ্গাদের কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, বিজিবির মাধ্যমে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন