চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশা চালক মিজানুর রহমান অভি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাসিমপুর বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং সেখানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মাঝে মাঝে তিনি নিজ এলাকায় আসতেন। গত ৪-৫ দিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে মতলবে এসেছিলেন।

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, অভির সাথে স্থানীয় নাহিদ গাজী নামের এক ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ ছিল। নাহিদ গাজী একজন পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বুধবার ভোরে স্থানীয় এক ব্যবসায়ী কামাল এখলাছপুর ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি আশেপাশের লোকজনকে খবর দিলে তারা এসে অভিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অভির বন্ধু নূর আলম বেপারী জানান, ঘটনার দিন রাত আনুমানিক ৩টার দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে নাহিদ তাকে ফোন করে জানায়, “অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলব।”

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করা হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন