ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণকাজ বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণকাজ বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি উপজেলা পরিষদ থেকে খিরনশাল বাজার-মিতল্লা সড়কের সংস্কারকাজ। বিশেষ করে সড়কের পেঁছাইমুড়ি ও ডাকরা রাস্তার মাথা এলাকায় মাত্র ১০০ গজের মধ্যে দুটি কালভার্টের নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও শত শত মানুষকে। নির্মাণাধীন কালভার্ট দুটিতে যেকোনো সময় দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এডিবি ও জিওবির অর্থায়নে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ থেকে খিরনশাল-মিতল্লা পর্যন্ত ৫ দশমিক ২৪১ কিলোমিটার সড়ক ও কালভার্ট সংস্কারের কাজ পেয়েছে ঢাকার মিরপুরের এম এ ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০ কোটি ৬০ লাখ ৪৯ হাজার ৯২৪ টাকা ব্যয়ের এ প্রকল্পে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩০ শতাংশ বিল উত্তোলন করেছে।

সড়কের কিছু অংশের সংস্কারকাজ করা হলেও পেঁছাইমুড়ি ও ডাকরা রাস্তার মাথা এলাকায় নির্মাণাধীন কালভার্ট দুটির রডসহ বিভিন্ন অংশ উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে যানবাহন ও পথচারীদের ঝুঁকি নিয়ে সড়কের এক পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে অপরিচিত চালকদের জন্য কালভার্ট দুটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

সোমবার সরেজমিনে পরিদর্শনকালে বাংপাই গ্রামের সিএনজি চালক মো. মনসুর, শ্রীপুরের রাকিব হোসেন, যাত্রাপুরের মো. ইয়াকুব ও পেঁছাইমুড়ির মহসিন বলেন, ঠিকাদারের দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। এলাকার মানুষ চরম দুর্ভোগে থাকলেও বিষয়টি কেউ গুরুত্ব দিচ্ছে না। কালভার্টের কাজ শুরু করে অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে। এ কারণে বহুবার দুর্ঘটনা ঘটেছে। শুধু দুর্ঘটনার ঝুঁকিই নয়, স্বাভাবিক চলাচলেও প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত কাজ শেষ করার দাবি জানান তাঁরা।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব আলী বলেন, ১০-১২ দিন আগে সিংরাইশ গ্রামের এক মোটরসাইকেল আরোহী কালভার্টের ওপর দুর্ঘটনায় আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি দ্রুত কালভার্টের নির্মাণকাজ ও সড়কটি সংস্কারের অনুরোধ জানান।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাপস চন্দ্র বলেন, ‘কাজ শুরু করার পর প্রকল্প ও স্থানীয় কিছু বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়। সেসব সমস্যার সমাধান করতে গিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। বর্তমানে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সড়কের প্রায় এক কিলোমিটার অংশে কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। এটি ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কালভার্টের অর্ধেক কাজ বাকি রয়েছে। শুধু ঢালাইয়ের কাজ করতে হবে। কিছুদিন আগেও আমাদের মিস্ত্রিরা গিয়ে কাজের অবস্থা পর্যবেক্ষণ করেছেন।’

চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ২০২৪ সালের ৩০ জুন কাজ শুরু হয়ে ২০২৫ সালের ২৯ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে চলে যান। পরে চিঠি দেওয়ার পর কাজ শুরু করলেও গত দুই মাস ধরে আবারও বন্ধ রয়েছে। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে কাজ শেষ করার চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...