নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে ৭ নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গ্রামবাসী সোমবার শিয়ালটিকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে।
জানা যায়, রোববার ওই গ্রামের মোস্তাফিজের স্ত্রী জান্নাতুন (৩২) বাড়ি সংলগ্ন মাঠে ঘাস সংগ্রহের জন্য গেলে একটি শিয়াল এসে তাকে কামড়িয়ে আহত করে। একই দিন পরপর ওই শিয়ালের কামড়ে আহত হন একই গ্রামের সেলিমের স্ত্রী রোজিনা (৪০), মান্নানের স্ত্রী কাজল রেখা (৪৪), নারায়ণের ছেলে তপন কুমার (৪০) এবং লোকালয়ে এসে জাহাঙ্গীরের ছেলে আমীর হামজাকে (০৫)। সোমবার সকালেও ওই শিয়ালের কামড়ে আহত হন একই গ্রামের ফজলুর ছেলে মিলাদুন (২২) ও শামিমের ছেলে শান্ত (১৮)। পরে গ্রামবাসী ধাওয়া করে শিযালটিকে হত্যা করে।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাশেদুল ইসলাম আমার দেশকে বলেন, শিয়ালের কামড়ে আহত ৭ জন ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। আমরা ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা তাদেরকে দিয়েছি এবং জান্নাতুন, কাজল রেখা ও রোজিনাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ আমার দেশকে বলেন, বন্যপ্রাণী সাধারণরত পাগল হয়ে মানুষের উপর আক্রমণ করে থাকে। এ ছাড়াও বর্তমানে বন-জঙ্গল কমে যাওয়ায় তাদের বাসস্থান ও খাদ্য ঘাটতি সৃষ্টি হওয়ায় তারা লোকালয়ে এসে মানুষের উপর আক্রমণ করে থাকে। তবে সকলকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

