বিদেশে পাঠানোর টাকা নিয়ে চাচার হাতে ভাতিজা খুন

বিদেশে পাঠানোর টাকা নিয়ে চাচার হাতে ভাতিজা খুন

বিদেশে পাঠানোর টাকা নিয়ে বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বাহার হোসেন বাবু (২৪)। এ ঘটনায় নিহতের বাবা ও ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক জানান, বাড়ির প্রবাসী হাসান এবং তার ভাতিজা বাহার হোসেন বাবুর মধ্যে বিদেশ পাঠানোর টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত এক মাস আগে বাবু ওমান থেকে দেশে ফিরলে এই বিরোধ আরও তীব্র হয়। এ নিয়ে বেশ কয়েকটি সমঝোতা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

সোমবার দুপুরে পুনরায় সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই চাচা হাসান ভাতিজা বাবুকে ঘর থেকে ডেকে নিয়ে দুই ছেলে ও পুত্রবধূর সহযোগিতায় ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। বাবুকে বাঁচাতে তার বাবা রওশন আলী এবং ভাই আরমান হোসেন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে আরমানের বুকে ছুরিকাঘাত এবং রওশন আলীর মাথায় আঘাত লাগে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক হাসান (৪০) এবং তার ছেলে সাকিলকে (২৩) আটক করে। তবে আরেক ঘাতক রাকিব হোসেন (১৯) পালিয়ে গেছে। গুরুতর আহত আরমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে এবং নিহত বাবুর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন