কমলনগরে কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

কমলনগরে কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ
অভিযুক্ত ঘাতক মো. মাহফুজ বামে। নিহত ফজলে আলী হাজারী ডানে। ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের কমলনগরে মো. মাহফুজ নামে এক যুবকের কিল-ঘুষিতে ফজলে আলী হাজারী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী বাজারে ইদ্রিস মেম্বারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাহফুজ একই এলাকার আবু তাহেরের ছেলে এবং নিহত ফজলে আলী হাজারীও একই এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

নিহতের শ্যালক আইয়ুব আলী অভিযোগ করে বলেন, ‘প্রায় এক বছর আগে আমার ভাতিজা দেলোয়ারের সঙ্গে একই এলাকার জামাল হোসেনের মেয়ের প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে হয়। পরবর্তীকালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সম্প্রতি মেয়েপক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, ছেলেপক্ষ তাদের মেয়ের ছবি সামাজিক মাধ্যমে প্রচার করছে। এ বিষয়কে কেন্দ্র করে আমার বোনজামাই ফজলে আলী হাজারী বটতলী বাজারে গেলে নাজিম হাওলাদার ও ফারুক মাঝির ইন্ধনে তার ওপর হামলা চালানো হয়। এতে অভিযুক্তদের এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি গুরুতর আহত হন।’

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় তারা দোষীদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

চর ফলকন ইউনিয়নের সদস্য নাজিম উদ্দীন হাওলাদার বলেন, ‘আমার ভাতিজির অন্যত্র বিয়ে হওয়া সত্ত্বেও দেলোয়ার তার অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে প্রচার করছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে মাহফুজ বৃদ্ধকে ঘুষি মারেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

এ বিষয়ে কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, নিহত বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রস্তুতি চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন