ছোট বোনের স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত

ছোট বোনের স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ছোট বোনের স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। নুরুল আলম নামের ওই যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে অভিযুক্ত মো. আব্দুল্লাহ একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামারি গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।

বিজ্ঞাপন

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হ্নীলার পূর্ব পানখালীতে ছুরিকাঘাতে নুরুল আলম নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

তবে স্থানীয় এক অধিবাসী সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, নিহত নুরুল আলমের ছোট বোন টুম্পার সঙ্গে তার স্বামী আব্দুল্লাহর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তারই জের ধরে টুম্পা কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান।

তিনি মনে করেন, টুম্পা কয়েকদিন পরও বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরে না আসায় তার জন্য নিহত নুরুল আলমকে সন্দেহ করেন স্বামী আব্দুল্লাহ। এই সন্দেহের জের ধরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল্লাহ তার শ্বশুরবাড়িতে গিয়ে নুরুল আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন