আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা, যা বললেন রুমিন ফারহানা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা, যা বললেন রুমিন ফারহানা
সরাইল শহীদ মিনার প্রাঙ্গণে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।

বিজ্ঞাপন

রুমিন ফারহানার অভিযোগ, স্থানীয় বিএনপির একাংশ পূর্বপরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করায় তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারেননি; এ সময় তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১২টার দিকে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে পৌঁছালে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। এতে দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। তবে পুষ্পস্তবক অর্পণ না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।

ঘটনার প্রতিবাদে তার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ঘটনার বিচার দাবি করা হয়। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘নিয়ম অনুযায়ী আমি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে যাই। সে সময় বিএনপির কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।’ তিনি আরো বলেন, ‘দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতার বিরুদ্ধে উচ্চপর্যায় থেকে ব্যবস্থা নেওয়া না হলে তা দল ও সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও স্লোগান দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...