ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মিছিলে অর্থায়ন ও পরিকল্পনার অভিযোগে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনকে মামলার ৪৯ নম্বর আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৪৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে তাদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ।

এর আগে সোমবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে সাবেক এমপি বাহার, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ওই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ১৬০ জনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ কর্মীরা ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডকে সমর্থন ও উৎসাহিত করার চেষ্টা করেছেন। মিছিলে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে উসকানিমূলক কার্যকলাপ চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল পিয়াস ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমীর অর্থায়ন ও নির্দেশনায় আসামিরা মিছিলে অংশ নেন বলে তদন্তে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। মামলার অভিযোগে ৫০ নম্বরে ছাত্রলীগের পিয়াস ও ৫১ নম্বরে আওয়ামীলীগ নেতা রুমীকে অভিযুক্ত করে তাদের পলাতক দেখানো হয়েছে। তাই আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে ওই তিন জনের বক্তব্য জানা যায়নি

পুলিশের ভাষ্য, রোববার দুপুরে বাস ও মাইক্রোবাসে এসে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে কয়েক শ নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ সেখানে পৌঁছে জনতার সহায়তায় ৪৮ জন নেতা-কর্মীকে আটক করে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম রাতে বলেন, এ মামলায় গ্রেপ্তার ৪৮ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন