‘মিছিলে তো আমার জন্যই আইছত’ কিশোর গ্যাং লিডারের সঙ্গে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

‘মিছিলে তো আমার জন্যই আইছত’ কিশোর গ্যাং লিডারের সঙ্গে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

‘মিছিলে তো আমার জন্যই আইছত, আমি কি অস্বীকার করছি—তরা তো আমার জন্যই আইছত।’ কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান রতনের সঙ্গে কথোপকথনের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনকে রতনের সঙ্গে এসব কথা বলতে শোনা যায়।

বিজ্ঞাপন

ভিডিওতে রতনকে বলতে শোনা যায়, ‘আমরা তো প্রোগ্রামে আমাদের জন্য কি গেছি?’ জবাবে মহসিন বলেন, ‘আমি কি বলছি তর জন্য আইছত, তরা তো আমার জন্যই আইছত।’

এরপর মহসিনকে বলতে শোনা যায়, ‘সাংবাদিক আমারে প্রশ্ন করেছে আপনার মিছিলে কিশোর গ্যাং লিডার রতন কেন? আমি বলেছি হাজার হাজার মানুষ আসছে। কে কিশোর গ্যাংয়ের, আমি তা চিনি না। তুমি তো ওইদিন অস্ত্র নিয়ে আসো নাই।’

জবাবে রতন বলেন, ‘মহসিন ভাই, তোমার তো বলা দরকার ছিল এই মিছিলে অস্ত্রের মহড়া হয়নি। তোমার প্রোগ্রামে গিয়ে আজ আমি ফেসে গেছি। তুমি আমারে ফাঁসাইয়া দিছো।’

গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং গ্রুপের লিডার ইমরান রতনকেও দেখা যায়।

এরপর ‘কিশোর গ্যাং লিডার রতনের সঙ্গে ছাত্রদল নেতা মহসিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি অস্বীকার করে সোমবার সংবাদ সম্মেলন করেন মহসিন। সেখানে তিনি রতনকে চেনেন না বলে দাবি করেন।

বুধবার প্রকাশিত কথোপকথনের ভিডিওতে মহসিন ও রতনের মধ্যে সরাসরি কথাবার্তা এবং মিছিল প্রসঙ্গে আলোচনা করতে শোনা যায়।

রতনের অভিযোগের বিষয়ে মহসিনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, রতন ফেসবুকে মিথ্যা তথ্য দিয়েছেন। রতন যে দাবি করেছে, তার প্রমাণ হিসেবে কললিস্ট দিতে বলেন তিনি।

অন্যদিকে, আগে সংবাদ সম্মেলনে রতনকে চেনেন না বলে দাবি করা মহসিনের সঙ্গে প্রকাশিত ভিডিওর কথোপকথনের বিষয়টি নিয়ে দুইজনের মধ্যে পরস্পরবিরোধী অবস্থান দেখা গেছে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কিশোর গ্যাং সদস্যদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও উঠেছে রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন