কক্সবাজারের ঈদগাঁওয়ে ডাকাতরা অপহরণ করেছে জাগের হোসাইন (৩৫) নামে এক গরু ব্যবসায়ী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে।
অপহৃত জাগের হোসাইন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয় বাবুল ও আবুল কাশেম জানান, রাতে জাগের কক্সবাজার থেকে পিকআপযোগে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাত দলের কবলে পড়েন তিনি। ডাকাতরা সর্বস্ব লুটে নিয়ে জাগেরকে অস্ত্রের মুখে গহিন বনের দিকে নিয়ে যায়। তার সঙ্গে থাকা আবদুর রহিম, হাবিব উল্লাহ ও গাড়িচালক শাকিলের চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়।
তারা জানান, রাত ৯টার দিকেও একই স্থানে ছোট বড় একাধিক গাড়ি ডাকাতির শিকার হয়। সংবাদ পেয়ে টহল পুলিশ এগিয়ে এলে ডাকাতরা ফাঁকা গুলি করে বনের ভিতরে চলে যায়।
পথচারীদের দাবি, টহল পুলিশের দায়িত্বহীনতার কারণে এই সড়কে ডাকাতি বৃদ্ধি পাচ্ছে।
ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, ডাকাতি ও এক ব্যক্তি অপহরণের সংবাদ জেনেছেন। গভীর রাতে দুর্গম পাহাড়ি বন এলাকায় যাওয়া ঝুঁকিপূর্ণ। সকালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

