চট্টগ্রামে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ৬৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্তের আগে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে এসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনুমোদন বাতিলের প্রক্রিয়াধীন প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড সূত্র জানায়, বছরের পর বছর শিক্ষার্থী ভর্তি না হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থায় বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা–২০২৪ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নীতিমালায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, লাইব্রেরিসহ অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে বোর্ড যেকোনো প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৪, ৮, ১৮ ও ২৪ জুন পৃথকভাবে এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের শোকজ করা হয়েছে।
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রধানদের ৩০ জুনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চট্টগ্রামে পাঠদান অনুমোদন বাতিলের তালিকায় রয়েছে মোট ৬৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে এসএসসি (ভোকেশনাল) পর্যায়ের ১০টি বিদ্যালয়, দাখিল (ভোকেশনাল) পর্যায়ের ৩টি মাদ্রাসা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ২টি কলেজ এবং জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) কোর্স পরিচালনাকারী ৫৪টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া একই কারণে কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ির আরও ৪৪টি প্রতিষ্ঠানও তালিকাভুক্ত হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. আল মাসুদ করিম জানান, দীর্ঘদিন ধরে ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় এবং নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা পর্যালোচনার পর চূড়ান্তভাবে পাঠদান অনুমোদন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
একই কারণে সারা দেশের মোট ১ হাজার ৮৫৩টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে ৪৪৩টি এসএসসি (ভোকেশনাল), ১৭৮টি দাখিল (ভোকেশনাল), ১২০টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ১২টি ডিপ্লোমা ইন টেক্সটাইল, ১৫টি ডিপ্লোমা ইন এগ্রিকালচার এবং ১ হাজার ৮৫টি জাতীয় দক্ষতামান বেসিক কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান। বোর্ডের ভাষ্য, শিক্ষার মান নিশ্চিত করতে অকার্যকর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

