‘চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, ভারতের বিরোধিতা করায় আমাকে বহিষ্কার করল ছাত্রদল’

‘চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, ভারতের বিরোধিতা করায় আমাকে বহিষ্কার করল ছাত্রদল’

ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে নিজেকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর বাঁধের হাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফ।

বিজ্ঞাপন

মঙ্গলবার নোয়াখালী জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে’ হাসিবুল ইসলাম মারুফকে পদ থেকে বহিষ্কার করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কারাদেশের পর ফেসবুকে এক স্ট্যাটাসে মারুফ তার প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, অনৈতিক কাজ করলে বহিষ্কার হতাম না, নেশাগ্রস্ত হলে বহিষ্কার হতাম না; ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করে ও রবীন্দ্রনাথের বিরোধিতা করে পোস্ট করায় আমাকে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা ছাত্রদল।‌’

নিজের সাংগঠনিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, কলেজ ছাত্রদলকে সুসংগঠিত করতে তিনি দীর্ঘদিন একা একা ও নিজ অর্থায়নে কার্যক্রম পরিচালনা করেছেন। দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অবৈধ উপার্জন করেননি বলেও দাবি করেন তিনি।

বহিষ্কারের নেপথ্য কারণ উল্লেখ করতে গিয়ে মারুফ অভিযোগ করেন, নেতাদের সাথে ‘দালালি না করা’, অন্যায়ের প্রতিবাদ করা এবং ‘চাটাচাটিতে পারদর্শী না হওয়ার’ খেসারত দিতে হয়েছে তাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন