বখাটে বাইকারদের ধাওয়ায় ভয়ে গাড়িতেই চিকিৎসকের মৃত্যু

বখাটে বাইকারদের ধাওয়ায় ভয়ে গাড়িতেই চিকিৎসকের মৃত্যু

কুমিল্লায় বখাটে চক্রের বাইকের ধাওয়ার সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডা. নাজমুল হাসান আখন্দের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ডা. নাজমুল হাসান আখন্দ (৬৫) চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি কুমিল্লা নগরীর বাদুরতলা শিশু মঙ্গল এলাকার বাসিন্দা। ডা. নাজমুল চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৪ ব‍্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের পর কুমিল্লা সিডি হাসপাতালে নিয়মিত প্র্যাকটিসের পাশাপাশি চাঁদপুরের হাজীগঞ্জে প্রতি বুধবার রোগী দেখতেন। বুধবার দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত রোগী দেখে তিনি কুমিল্লার উদ্দেশে যাত্রা করেন। পরে উচ্ছৃঙ্খল বাইকারদের ধাওয়ায় নিজ গাড়িতে প্রাণ হারান তিনি।

কয়েক মাস আগে ক‍্যানসার আক্রান্ত কানাডাবাসী কন‍্যার মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। গতকাল তিনি স্ত্রী ও দুই পুত্রকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন।

পুলিশ এবং স্বজনরা জানান, বুধবার বিকালে চাঁদপুরের শাহারাস্তি থেকে কুমিল্লা আসার পথে লাকসামের বিজরা এলাকায় তার প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের মৃদু ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী দুই বখাটেসহ কয়েকজন তার গাড়িতে হামলা করে। পরে চালক কিছু দূর এগিয়ে গেলে মোটরসাইকেল আরোহীরা তাকে ধাওয়া করে। এতে ওই চিকিৎসক ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাদুরতলায় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকরা জানান, ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসানের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন বলেন, দুই মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন যুবক ওই চিকিৎসকের গাড়িতে হামলা করে। এতে আতঙ্কিত হয়ে তিনি গাড়ির মধ্যেই লুটিয়ে পড়েন। পরে আমি তাকে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে আসি। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আতাউর রহমান জসীম দৈনিক আমার দেশকে বলেন, "দিনদুপুরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাণহানি সভ্য সমাজের প্রতি চরম উপহাস! বেপরোয়া বাইক রেস, উচ্ছৃঙ্খলতা, ছিনতাই সড়কগুলোকে মৃত্যুফাঁদে পরিণত করেছে।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, চিকিৎসক গাড়ি চালানোর সময় কয়েকটি বাইককে ধাক্কা দিয়েছিলেন। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। এ কারণে বাইকচালকরা ক্ষিপ্ত হয়ে ওই চিকিৎসককে ধাওয়া করেন। একপর্যায়ে হেলমেট দিয়ে চিকিৎসকের গাড়ির লুকিং গ্লাস তারা ভেঙে দেন। এ সময় চিকিৎসক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে গাড়ি থামিয়ে ফেলেন। ভয়ে তিনি হার্ট অ্যাটাক করেছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নলেজে এসেছে। ভিকটিমের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে থানায় অভিযোগ দায়ের করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন