কুমিল্লা মহানগর জামায়াত আমির

শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না

শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না

২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগরীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বক্তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে র‍্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ।

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের রক্তের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ এবং খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি সৈয়দ আব্দুল কাদের জামাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য মু. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, এনসিপি কুমিল্লা মহানগরীর যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. আকিব আব্দুল্লাহ, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি ইলিয়াস বিন হাসেম এবং কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ।

বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা শহীদ আবু সাঈদসহ গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন