চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে জানালার কিছু অংশ পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় পুলিশ বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দেয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত কয়েক দিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্সসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে নগরের মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনার মধ্যে এবার হালিশহরের বড়পোল এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন