ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন।
এ বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। গতকাল বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ অভিযোগপত্র জমা দেন তিনি।
লিখিত অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনি এলাকায় একাধিক গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি তা আমলে না নিয়ে বরং অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেছেন।
অভিযোগে আরো বলা হয়, এরআগেও বিএনপি জোট সমর্থিত প্রার্থীর বিভিন্ন অনিয়ম ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয় বারবার তুলে ধরা হলেও ইউএনও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি, যা নিরপেক্ষ প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে।
এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা মুঠোফোনে আমার দেশকে বলেন, ইউএনও আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তার কথাবার্তায় মনে হয়েছে, তিনি কোনো একটি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। আমি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সিনিয়র আইনজীবী এবং একজন স্বতন্ত্র নারী প্রার্থী—আমার সঙ্গে কি এমন আচরণ করা যায়? এর প্রতিকার চেয়ে বুধবার বিকেলে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার আমার দেশকে বলেন, বুধবার দুপুরে তার (রুমিন ফারহানা) সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। আমার পক্ষ থেকে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

