রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর বুধবার রাত ১১টায় বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা কমে এসেছে। এ কারণে বুধবার রাত ১১টায় সব জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরো জানান, বুধবার রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ২৬ ফুট মিন সি লেভেল (এমএসএল)। এ সময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
এর আগে, শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুট মিন সি লেভেল (এমএসএল) পৌঁছালে তা বিপৎসীমার কাছাকাছি চলে যায়। পরে স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।
এ সময় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল। টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় সব জলকপাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

