ডিসি আমিরুলের প্রত্যাহার দাবি

চট্টগ্রাম ব্যুরো

ডিসি আমিরুলের প্রত্যাহার দাবি

চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারে গ্রাফিতি আঁকার সময় এক নারী শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে তার প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে কোতোয়ালীর দামপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। সেখানে ছয় দফা দাবি লিখিতভাবে উপস্থাপন করেন চৌধুরী সাইফুল ইকবাল।

সংবাদ সম্মেলনে নুসরাত জাহান বিনতি নামের এক শিক্ষার্থী বলেন, সোমবার তারা কয়েকজন শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। তারা বাধা দিলে নারী পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বিনতি অভিযোগ করে বলেন, ‘এই সময় ডিসি আমিরুল নিজে এসে আমাদের এক নারী সহযোদ্ধার গায়ে হাত দেন। আমরা বিষয়টি সিএমপি কমিশনারকে জানিয়েছি।’

লিখিত বক্তব্যে সাইফুল ইকবাল বলেন, সিএমপি আগে থেকেই জমায়েত, মিছিল–মিটিং নিষিদ্ধ করেছিল। কিন্তু তারা কোনো ধরনের মিছিল বা জমায়েত করতে যাননি। শুধু গ্রাফিতি আঁকতে গিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, পুলিশের একজন কর্মকর্তার নির্দেশে তাদের ওপর অযথা বল প্রয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর সিএমপি কমিশনার কার্যালয় থেকে ভুক্তভোগী শিক্ষার্থীদের মোবাইল নম্বর চাওয়া হয়। নম্বর দেওয়া হলেও পরে দেখা যায়, সেই কাগজটি বিভিন্ন রাজনৈতিক দলের ফেসবুক পেজে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টিকে শিক্ষার্থীরা ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে দেখছেন।

শিক্ষার্থীদের দাবি, পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে এমন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন