চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ছবি: আমার দেশ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এনসিটির ৩ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাময়িকভাবে কনটেইনার পরিচালন কার্যক্রম বন্ধ রাখা হলেও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, জেটিতে ব্যবহৃত একটি আরটিজি ক্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ইউনিটের সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দেন।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে কনটেইনার ওঠানামা ও স্থানান্তরের কার্যক্রম বন্ধ রাখা হলেও আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব (জনসংযোগ) মো. নাহিদ মোস্তফা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...