কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তলের মুখে জিম্মি করে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় । ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় চৌদ্দগ্রামের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এই ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ চলাকালে ৫-৭ জন ডাকাত ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর পিস্তলের ভয় দেখিয়ে দোকানে ঢুকে স্বর্ণালংকার লুট করে তারা।
ডাকাতি চলাকালীন বিসমিল্লাহ টেলিকমের ব্যবসায়ী মোশারফ হোসেন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পালিয়ে যাওয়ার সময় ব্যবসায়ীরা এক সন্দেহভাজন ডাকাতকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোহা মাইক্রোবাস জব্দ করেছে।
প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত জানান, তার ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিলেন। হঠাৎ ডাকাতরা দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে যায়। ব্যবসায়ীরা এ ঘটনায় আতঙ্কিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

