চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন মহিলা জামায়াতের নেত্রীরা। জামায়াতের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার রয়েছে—তারা নাকি নারীদের নিয়ে কাজ করে না। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটল পটিয়ায়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নেত্রীরা শনিবার পটিয়া উপজেলার হাইদগাঁও, কচুয়াই, খরনা ও কেলিশহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার ও গণসংযোগ করেন। এ সময় তারা দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
প্রচারকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা জামায়াতের সহ-সেক্রেটারি কামরুন নাহার বেগম, জেলা কর্মপরিষদের সদস্যা আসমা সিদ্দিকা, জেলার কর্মী সাঈমা আকতার, পটিয়া উপজেলা মহিলা জামায়াতের নেত্রী শাহীন আকতার, থানা সহ-সেক্রেটারি (রুকন) মাহমুদা আকতার, বড়লিয়া ইউনিয়ন দায়িত্বশীল রুখসানা আকতার, কেলিশহর ইউনিয়ন দায়িত্বশীল ইয়াসমিন আকতার, হাইদগাঁও ইউনিয়নের সহযোগী সদস্য জোলেখা বেগম, ইসলামী ছাত্রী সংস্থার ছনহরা ইউনিয়নের দায়িত্বশীল লিজা আকতার প্রমুখ।
জামায়াতের সূত্র জানায়, দীর্ঘ সময় বিগত ফ্যাসিবাদী আমলে মহিলা জামায়াতের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে মহিলা জামায়াতের নিয়মিত প্রোগ্রামাদি শুরু হয়। এখন যেহেতু নির্বাচন সামনে, তাই সব কার্যক্রম নির্বাচনকেন্দ্রিক করা হয়েছে। পটিয়া যেহেতু একটি সম্ভাবনাময় এলাকা, তাই জামায়াতে ইসলামীর পাশাপাশি মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থাও নির্বাচনি মাঠে সক্রিয় থাকবে। জোটের প্রার্থী নির্ধারণে দেরি হওয়ায় প্রচারণা এমনিতে পিছিয়ে রয়েছে জামায়াত।
প্রচারণা প্রসঙ্গে পটিয়া উপজেলা মহিলা জামায়াতের নেত্রী শাহীন আকতার বলেন, প্রচারণা আমাদের জন্য নতুন কিছু নয়। জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির একটি অংশ নির্বাচনের বিষয়টি। আমরা নারীদের সর্বোচ্চ সম্মান রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সৎ ও যোগ্য প্রার্থী দাঁড়িপাল্লার ডা. ফরিদুল আলম। পটিয়ার মা-বোনেরা সৎ লোককেই নির্বাচিত করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

