চাঁদপুরে সপ্তাহব্যাপী গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন

চাঁদপুরে সপ্তাহব্যাপী গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন

দক্ষিণাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চাঁদপুরে টানা এক সপ্তাহ ধরে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

বুধবার জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, এ ধারা আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। স্থানীয় বাসিন্দারা এই আবহাওয়াকে স্বস্তিদায়ক হিসেবে দেখলেও কিছু এলাকার মানুষের সাময়িক জনদুর্ভোগ হচ্ছে। জেলার নিন্মাঞ্চলে কমবেশি জলাবদ্ধতা তৈরি হয়েছে। খাল-বিলে পানি বেড়েছে।বেশি অসুবিধা হচ্ছে খেটে খাওয়া মানুষের

বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে গরম কমে এসেছে। আবার কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা ও কাদাযুক্ত সড়কে দুর্ভোগ বেড়েছে। চাঁদপুর শহরের পুরানবাজার, নাজিরপাড়া, স্টেডিয়াম মাদ্রাসা রোড, রহমপুর আবাসিক এলাকা , বাবুরহাট, কোড়ালিয়াসহ নিচু জায়গাগুলোতে বৃষ্টির পানি জমে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় বেড়েছে সর্দি, কাশি ও জ্বরের । বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকরা বৃষ্টিতে না ভেজার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে, চাষাবাদের জন্য এই গুড়ি গুড়ি বৃষ্টি বেশ উপকারী বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আমন ধানের চারা রোপণের উপযোগী সময় চলছে। এই বৃষ্টি জমিতে পর্যাপ্ত সেচ সরবরাহ করছে, যা কৃষকের জন্য আশীর্বাদস্বরূপ।

শহরের বিভিন্ন স্থানে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হলেও কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে আমন ধানের চাষাবাদের জন্য এ ধরনের বৃষ্টি উপকারী বলেও জানিয়েছে স্থানীয় কৃষি অফিস।

চাঁদপুরবাসীকে আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

চাঁদপুর সদর হাসপাতালের ডা. কাজল বলেন, টানা বৃষ্টিতে স্যাঁতসেঁতে আবহাওয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই বৃষ্টিতে ভিজে যাওয়ার পর দ্রুত শুকনো কাপড় পরা এবং বিশুদ্ধ পানি পান করা জরুরি। অভিভাবকদের সচেতন হতে হবে।

চাঁদপুর আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি না হওয়ায় ভারী বর্ষণের আশঙ্কা নেই। তবে মৌসুমি বায়ুর প্রভাব দক্ষিণাঞ্চলে সক্রিয় থাকায় বর্ষাকালের স্বাভাবিক চিত্র হিসেবে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী কয়েক দিনেও একই ধারা বজায় থাকবে। এর প্রভাবে চাঁদপুরসহ আশপাশের জেলাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এটি বড় ধরনের দুর্যোগ নয় বরং বর্ষা মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন