সীতাকুণ্ডে বন্যার্তদের পাশে বিএনপি

সীতাকুণ্ডে বন্যার্তদের পাশে বিএনপি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে তীব্র মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার, তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও সড়ক। এসব বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন তারা। একই সঙ্গে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দলীয় সূত্রে জানা যায়, ত্রাণ বিতরণের আগে স্থানীয় নেতাকর্মীরা বন্যাকবলিত এলাকাগুলো ঘুরে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করেন। সেই তালিকার ভিত্তিতে বিকেল সাড়ে ৩টায় সৈয়দপুর ইউনিয়ন, সাড়ে ৪টায় বারৈয়াঢালা ইউনিয়ন এবং বিকেল সাড়ে ৫টায় সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপির তত্ত্বাবধানে ২১ সদস্যের একটি বিশেষ ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চেয়ারম্যান এবং সদস্য সচিব আলহাজ্ব নুরুদ্দিন জাহাঙ্গীর চেয়ারম্যান।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন বলেন, এটি একদিনের কর্মসূচি নয়। উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ধারাবাহিকভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। কোনো পরিবার যাতে সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে নেতাকর্মীরা মাঠে কাজ করছেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামতুল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহমদ, ইউসুফ নিজামী, মুজাহির উদ্দিন আশরাফ, জিয়াউদ্দিন জিয়া প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন