কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও মুন্নি ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা ও আহতসহ একাধিক মামলার আসামিরা, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেলে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা।
শুভেচ্ছা জানানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সদস্য মনির চৌধুরী, শশীদল ইউনিয়ন যুবলীগ নেতা আতিকুল ইসলাম রিয়াদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ উদ্দিন এবং সিদলাই ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম আলাউল।
ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার মামলার আসামিদের কাছ থেকে একজন সরকারি কর্মকর্তা কীভাবে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহ্বায়ক আবু রায়হান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, তাদের কাছ থেকে সরকারি কর্মকর্তাদের ফুল নেওয়া শহীদদের সঙ্গে প্রতারণার শামিল।
ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন। তিনি আমার দেশকে বলেন, আওয়ামী লীগের নেতারা ফুল দিয়েছেন, ইউএনও তা গ্রহণ করেছেন। কেন তিনি ফুল গ্রহণ করেছেন, সে বিষয়ে ইউএনও ব্যাখ্যা দেবেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, ‘আমি ফেসবুকে এমন একটি ছবি দেখেছি। যারা ফুল দিয়েছেন, তারা একাধিক মামলার আসামি। জুলাই গণঅভ্যুত্থানে তারা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ইউএনও কেন তাদের কাছ থেকে ফুল নিয়েছেন, সেটি তাকেই জিজ্ঞাসা করা উচিত।’
তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ইউএনও মুন্নি ইসলাম। তিনি বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন—এ বিষয়টি আমি অবগত নই। পরবর্তীতে এমন বিষয়ে আমি সতর্ক থাকব।
এ বিষয়ে ফুল দেওয়া একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

