ফেনীতে মাদকসহ গ্রেপ্তারের পর দুই ছাত্রদল নেতা বহিষ্কার

ফেনীতে মাদকসহ গ্রেপ্তারের পর দুই ছাত্রদল নেতা বহিষ্কার

ফেনীর সোনাগাজীতে মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তারের পর জাহিদুল ইসলাম রায়হান ও সাখাওয়াত হোসেন রবিন নামে দুই ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

বিজ্ঞাপন

বহিষ্কৃত নেতারা হলেন—সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান এবং বখতার মুন্সি ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন।

রোববার জেলা ছাত্রদলের পক্ষ থেকে বহিষ্কারের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম রায়হান ও সাখাওয়াত হোসেন রবিনসহ তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম রায়হান বগাদানা ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের জসীমউদ্দীনের ছেলে এবং সাখাওয়াত হোসেন রবিন মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোনাগাজীর ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এজাতীয় অপরাধে যার নামই আসুক না কেন, দল তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাশেম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই চিহ্নিত করি। সেখানে কোনো দল বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করার সুযোগ নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন