আত্মসমর্পণ করে কারাগারে ‘কিশোর গ্যাং লিডার’ বগা

আত্মসমর্পণ করে কারাগারে ‘কিশোর গ্যাং লিডার’ বগা

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন ওরফে বগা আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন ওয়াকিল হোসেন বগা। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, রোববার ওয়াকিল হোসেন বগা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তার পক্ষে জামিনের আবেদন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমেদ, সাধারণ সম্পাদক আহম্মেদ কামরুল ইসলাম সাজ্জাদসহ একাধিক আইনজীবী। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জানা যায়, ওয়াকিল হোসেন বগা নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাকে বহিষ্কার করা হয়। হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। পুলিশের দাবি, তিনি একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন এবং দলীয় প্রভাব কাজে লাগিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন