ঝিনাইদহে বিসিআইসি সারের ডিলারশিপ নিয়ে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও আওয়ামী পুনর্বাসনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা জামায়াত। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী রোববার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। কর্মসূচিতে জেলার ৬ উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীর অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর বলেন, কৃত্রিম সার সংকট তৈরি করে সাধারণ কৃষককে জিম্মি করতেই ঝিনাইদহে সারের ডিলারশিপ নিয়ে নজিরবিহীন দুর্নীতি ও ব্যাপক আওয়ামীকরণ করা হয়েছে। এমনিতেই ফ্যাসিস্ট আমলের ডিলারদের কারণে কৃষকরা দিশেহারা। দেশ ও জনগণের এই সংকটে একমাত্র জামায়াতে ইসলামীই সমস্ত অন্যায়-অপরাধের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি অবিলম্বে বিদ্যমান বিতর্কিত সার-বীজ মনিটরিং কমিটি ও দলীয় বিবেচনায় দেওয়া সব ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগের জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ ও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই। তিনি জেলা প্রশাসকের উদ্দেশে বলেন, ‘আপনি সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন। আমরা আপনার এই জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করব না।’
ঝিনাইদহের জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদের অভ্যন্তরীণ সিন্ডিকেট নিয়ে মন্তব্য করে জামায়াত নেতা আব্দুল হাই আরও বলেন, ঝিনাইদহ জেলা পরিষদ আর জেলা প্রশাসকের দপ্তর সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
মানববন্ধন ও সমাবেশে জামায়াতের নায়েবে আমির ও সম্ভাব্য ঝিনাইদহ পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা আমির ড. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

