চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটের আনন্দ মিছিল পদবঞ্চিতদের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় দুপক্ষের হাতাহাতি ও মারামারির ঘটনায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ১৩ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে নতুন করে ৭২ জনকে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও সদস্য মিলিয়ে পটিয়া উপজেলা থেকে ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তবে একটি বড় অংশ পদবঞ্চিত হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। কমিটিতে নতুন অন্তর্ভুক্ত পটিয়ার বেশিরভাগই দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির অনুসারী। অন্যদিকে পদবঞ্চিতরা দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম নয়নের অনুসারী বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে রবির অনুসারীরা আনন্দ মিছিল করার জন্য জমায়েত হন। পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিলে বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পটিয়া থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দু্ইপক্ষকে শান্ত করার চেষ্টা করে।
শেষ পর্যন্ত আনন্দ মিছিল করতে পারেনি তারা। পদবঞ্চিতদের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এতে ৪ জন ছাত্রদল কর্মী আহত হন। আহতদের মধ্যে সায়মন, নুরুল ইসলাম ও হাবিবের নাম জানা গেছে। পরে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, প্রতিপক্ষের হামলায় তাদের কয়েকজন কর্মী আহত হন।
এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম নয়ন বলেন, যারা বিগত সময়ে মামলা-হামলার শিকার হয়েছেন, তারা ছাত্রদলের কমিটিতে স্থান না পাওয়ায় আনন্দ মিছিল করতে দেননি।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ছাত্রদলের দুইপক্ষের উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি শান্ত করা হয়। পরে তারা স্থান ত্যাগ করেন। কোনো হতাহতের খবর পাইনি। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগও করেনি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

