মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, তদন্তের দাবি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, তদন্তের দাবি

লক্ষ্মীপুরের রায়পুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.), ইসলাম ধর্ম ও ধর্মীয় বিধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগ উঠেছে এক মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বর ঢালির ছেলে শাহরিয়ার রুবেল বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, ‘Shahriar Rubel’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।

স্থানীয়দের দাবি, ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো বক্তব্য বা মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তারা আরও বলেন, পরিস্থিতি যাতে কোনোভাবেই উত্তপ্ত না হয়, সেজন্য সবাইকে শান্ত থাকতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করা প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত শাহরিয়ার রুবেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রায়পুর থানা ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন