বিএনপি ক্ষমতায় এলে নারী-পুরুষ সবাইকে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ধানের শীষের প্রার্থী আসলাম চৌধুরী।
বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেইটে জেলে সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
আসলাম চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুশাসন প্রতিষ্ঠা না হলে গ্রামীণ এলাকার দীর্ঘদিনের রাস্তাঘাট ও পানি নিষ্কাশন সমস্যার কোনো টেকসই সমাধান সম্ভব নয়। সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতাকেই তিনি উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে সীতাকুণ্ডে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছেন। এ সামাজিক ঐক্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করা গেলে সীতাকুণ্ডকে একটি পরিকল্পিত, উন্নত ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করা সম্ভব।
তিনি আরও বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিই উন্নয়নের প্রথম ও প্রধান শর্ত। বর্ষা মৌসুমে অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা ও বেহাল সড়কের কারণে কৃষি, যোগাযোগ এবং সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় ও আন্তরিক অংশগ্রহণ অপরিহার্য।
অধ্যাপক আসলাম চৌধুরী আরও বলেন, সামান্য জমি বিরোধ বা ব্যক্তিগত স্বার্থের কারণে উন্নয়ন থেমে থাকা উচিত নয়। সামাজিক সমঝোতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক নির্মাণ নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠিত হলে সীতাকুণ্ডে আর কোনো কাঁচা রাস্তা থাকবে না বলে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, ভোট প্রদান প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশের মানুষ ষড়যন্ত্রের জবাব দেবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

