রোহিঙ্গা ক্যাম্পে মার্কেট নিয়ে বিরোধ

বিএনপি নেতার ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা

বিএনপি নেতার ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা
ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি মেম্বার নুরুল আমিনকে বেধড়ক মারধর ও এলোপাতাড়ি কুপিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাঁর মাথায় দুটি ও ঠোঁটে একটি ধারালো অস্ত্রের গভীর কোপ দেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ওই বিএনপি নেতা মৃত্যু পথযাত্রী বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট একাধিক সুত্র দাবি করেছে, উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে মার্কেট ভাঙচুর ও দখল-বেদখলকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় যুবলীগ নেতা আলমগীর ও ছাত্রলীগ নেতা সরওয়ারের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।

এদিকে হামলার প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কক্সবাজার শহরেও বিক্ষোভ করেছেন বিএনপি নেতা-কর্মীরা।

রোববার রাত সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিএনপি সূত্র মতে, থাইংখালী এলাকার বাসিন্দা ও যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর ও ছাত্রলীগ নেতা সরওয়ারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বিএনপি নেতা নুরুল আমিনের ওপর হামলা চালায়। ওই সময় তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক কোপ দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, হামলায় আশ্রয়শিবিরে আশ্রিত কয়েকজন সশস্ত্র রোহিঙ্গাও অংশ নিয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে চার-পাঁচটি কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচাতে ‘ও’ নেগেটিভ রক্তের প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তবে কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল আমিনের মাথায় দুইটি ও ঠোঁটে একটি গভীর কোপের চিহ্ন রয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ সাবুকতাগিন মাহমুদ সোহেল জানান, ওই বিএনপি নেতার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংঙ্কটাপন্ন।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, নুরুল আমিনকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে।

তবে, স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠননের নেতাকর্মীরা শেখ হাসিনা সরকার আমলে একটি মার্কেট গড়ে তুলেছিল। সরকার পরিবর্তনের পর সেই মার্কেট ভেঙে দেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপি নেতাকর্মীরা নতুন একটি গড়ে তুলে নিজেদের আধিপত্য বিস্তার করে।

সূত্র মতে, রোববার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির সেই মার্কেটে হামলা ও ভাঙচুর চালায়।

এই খবর পেয়ে বিএনপি নেতা নুরুল আমিনের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে বিএনপি নেতা-কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পথে পথিমধ্যে হামলার শিকার হন। ওই সময় নুরুল আমিন ছাড়াও আরো কয়েকজন নেতাকর্মী আহত হন।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গভীর রাত পর্যন্ত এই অবরোধ চলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন