ইফতারের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ সেকেন্ডের মিছিল

ইফতারের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ সেকেন্ডের মিছিল

ইফতার সামনে নিয়ে দোয়া-দরুদে ব্যস্ত গোটা নগরী। ফাঁকা সড়কে নেই মানুষ। ঠিক সেই মুহূর্তে ঝটিকা মিছিল নিয়ে বের হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। তবে টিকতে পারেনি রাজপথে। মাত্র ৩৩ সেকেন্ডেই সটকে পড়েন নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের চকবাজার থানার চট্টেশ্বরী সড়ক এলাকায় মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর মিছিলটি সিজিএস গ্রামার স্কুলের সড়কে প্রদক্ষিণ শেষে চলে যান তারা।

বিজ্ঞাপন

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।

মিছিলে স্লোগান দিয়ে চট্টেশ্বরী সড়ক থেকে সিজিএস গ্রামার স্কুল সড়কে প্রদক্ষিণ করেন। তবে এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। ছাত্রলীগের নেতাকর্মীরা রোজা রাখেন না বলেও অনেকে প্রশ্ন তুলেছেন।

প্রসঙ্গত, সবশেষ গত ৩০ জানুয়ারি নগরের জিইসি এলাকায় মিছিলসহ এ পর্যন্ত পাঁচ দফায় ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। এ ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করলেও শীর্ষ নেতারা অধরা রয়েছেন।

নগর উপপুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, ইফতারের কয়েক মিনিট আগ মুহূর্তে ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল বের করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ভিডিওর মাধ্যমে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন