চাঁদা না দেয়ায় ইবনে সিনার চিকিৎসকের ওপর হামলা, যা বলছে পুলিশ

চাঁদা না দেয়ায় ইবনে সিনার চিকিৎসকের ওপর হামলা, যা বলছে পুলিশ

চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেয়ায় ইবনে সিনা হাসপাতালের এক চিকিৎসককে রক্তাক্ত আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফেসবুক লাইভে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই চিকিৎসক।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাহাত্তরপুল নুর বেগম মসজিদের পাশে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, বিষয়টি রাজনৈতিক কারণে কোনো কিছু ঘটেনি। প্রতিবেশীর সঙ্গে বাড়াবাড়ি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকজন বিএনপি কর্মী ডাক্তার ইকবালের কাছে চাঁদা দাবি করেন। তিনি অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও হাতে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তিনি এখনো ঘটনাস্থলের একটি ভবনে অবরুদ্ধ রয়েছেন।

হামলার পর ইকবাল মোবাইল ফোনে সহকর্মীদের কাছে উদ্ধারের আকুতি জানিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

লাইভে আহত ডা. ইকবাল বলেন, বিএনপির হারুনসহ কয়েকজনকে চাঁদা না দেয়ায় আমাকে মারধর করেছেন। আমাকে খুঁজতেছে মেরে ফেলার জন্য। পুলিশকে জানালেও তারা এখনো আসেননি।

ডা. ইকবালের নাম্বারে কল করা হলে তিনি ভয়ার্ত কণ্ঠে বলেন, ভাই-ভাই ওরা মেরে ফেলবে। আপনারা আসেন। বিএনপির হারুন, হুমায়ুনসহ ১০-১২ জন চাঁদা না দেওয়ায় মারধর করছে। আমি পালিয়ে একটি ঘরে আশ্রয় নিয়েছি।

এই বিষয়ে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, প্রতিবেশীর সঙ্গে বাড়াবাড়ি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। এখানে পলিটিক্যাল কোনো কিছু ঘটেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন