৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার নরসিংদী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী সদর উপজেলা শাখা।
নরসিংদী সদর উপজেলা শাখার আমীর মো. মাহফুজ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়া।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইলিয়াসুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি আকবর হোসেন আকন্দ, চিনিশপুর ইউনিয়ন পূর্ব শাখার আমীর অধ্যক্ষ বশির উদ্দিন এবং মিডিয়া শাখার প্রতিনিধি হাসিবুল হাসান অনিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। সে সময় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের নির্যাতনের শিকার হতে হয়েছে। কোটা ব্যবস্থার অপব্যবহার করে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে স্বজনপ্রীতি এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, এমন পরিস্থিতিতে দেশের তরুণ, যুবক ও ছাত্রসমাজ রাজপথে নেমে আসে। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন এবং লাখো মানুষ আহত হয়েছেন। অনেকে চোখ, হাত কিংবা পা হারিয়েছেন। তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না। আহত ও শহীদদের পরিবারের যথাযথ মূল্যায়ন ও দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই বিপ্লবকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং সংবিধান সংস্কারের মাধ্যমে জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং তাদের পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

