তখন চলছিল প্রথম রমজানের তারাবি নামাজ। এ সময় নরসিংদীর রায়পুরায় তিন বছরের শিশু আহনাফকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে।
গতকাল রাত সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ মির্জানগর এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে গেছেন পাষণ্ড মা শিরিন আক্তার (২৫)।
অভিযুক্ত শিরীন আক্তার ওই এলাকার সৌদি আরব প্রবাসী ডালিম মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয় শিরিন ও ডালিমের। বিয়ের তিন বছর পর সৌদি আরবে পাড়ি জমান ডালিম। শিরিন তাদের একমাত্র সন্তান আহনাফকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। ডালিম মিয়া বিদেশে যাবার পর থেকেই বিভিন্ন বিষয়ে শিরিনের সঙ্গে বিরোধ তৈরি হয়। শিরিন এই বিরোধের জেরেই শিশু আহনাফকে কুপিয়ে হত্যা করেছে বলে জানান স্থানীয়রা।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

