জুলাই চেতনা ধারণ করুন, বিক্রি করবেন না: চিফ হুইপ

জুলাই চেতনা ধারণ করুন, বিক্রি করবেন না: চিফ হুইপ

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেতনা। এ চেতনা সবাইকে অন্তরে ধারণ করতে হবে, কোনোভাবেই বিক্রি করা যাবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র ধারণ করি। জুলাই অভ্যুত্থানের চেতনা আমাদের অন্তরে ধারণ করতে হবে। যারা স্বাধীনতার চেতনা বিক্রি করেছে, তারা পালিয়ে গেছে। আমি আপনাদের অনুরোধ করব, জুলাই চেতনা কেউ বিক্রি করবেন না, ধারণ করুন। এই চেতনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেতনা।”

বৃহস্পতিবার ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি না। এ দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে।

তিনি বলেন, বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের সমঅধিকারের কথা বলেছেন। কৃষক কার্ডসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পাবেন। হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলবে।

অনুষ্ঠানে নূরুল ইসলাম মনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে বিভিন্ন সময়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। তবে গত দুই বছরে তার এলাকায় কোনো মন্দির বা প্রতিমায় হামলার ঘটনা ঘটেনি এবং বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছেন বলে দাবি করেন তিনি।তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমান কাজ করছেন। বাংলাদেশে উগ্রবাদের কোনো স্থান হবে না।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, গোপীনাথপুর মন্দির যশোমাধব দেবের শ্বশুরবাড়ি। সেখানে সাত দিন অবস্থানের পর আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে দেবতাকে আবার মূল মন্দিরে ফিরিয়ে আনা হবে। এর মধ্য দিয়ে শেষ হবে রথযাত্রার ধর্মীয় আনুষ্ঠানিকতা।

একই সঙ্গে শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী রথমেলা। আগামী এক মাস এ মেলা ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের পদচারণায় মুখর থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি (অব.) মেজর জেনারেল জীবন কানাই দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি।

এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত-দর্শনার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন