পাম্পে তেল কম দেওয়ায় তরুণ দল সভাপতিকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

পাম্পে তেল কম দেওয়ায় তরুণ দল সভাপতিকে জরিমানা
ছবি: আমার দেশ

ঢাকার ধামরাইয়ে একটি পেট্রোল পাম্পে তেল ওজনে কম দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাম্পের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় করিম ফিলিং স্টেশনের মালিক মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ধামরাই উপজেলা তরুণ দলের সভাপতি। এছাড়াও তিনি উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার রাতে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত করিম ফিলিং স্টেশন এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি।

জানা যায়, দীর্ঘদিন ধরে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেল বিক্রির সময়ে গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগ ছিল পাম্পটির বিরুদ্ধে। গ্রাহকদের একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছিল। এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলছিল বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী।

এ বিষয়ে করিম ফিলিং স্টেশনের মালিক ও ধামরাই উপজেলা তরুণ দলের সভাপতি মনির হোসেনকে ফোন দিলে তিনি তার পরিচয় গোপন করে ফিলিং স্টেশনের ম্যানেজারের পরিচয় দিয়ে বলেন, পাম্পের মেশিনের সমস্যার কারণে মাঝে মাঝে এমন সমস্যা হতে পারে। গতকাল ম্যাজিস্ট্রেট এসেছিলেন। সেসময় একটি মেশিনে সমস্যা দেখা দেওয়ার কারণে তেল কম বের হতো। তাই এই জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি জানান, গ্রাহকদের স্বার্থরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এমন অভিযানের ফলে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধ হবে এবং অন্যান্য পাম্প মালিকরাও সতর্ক হবেন বলে আশা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...