কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নারান্দী এলাকার একটি সড়কে এ কর্মসূচি বাস্তবায়ন করে নারান্দী ইউনিয়ন ছাত্রদল।
নারান্দী উচ্চ বিদ্যালয় থেকে আজলদী বাজার পর্যন্ত সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির ৪০০ গাছ রোপণ করা হয়।
ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইজাজুল হোসেন ইমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারান্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন সরকার।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আনিসুজ্জমান বাচ্চু, ইউনিয়ন জাসাসের আহ্বায়ক রোমান মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহান শাহ ও ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব রবিন প্রমুখ।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নারান্দী ইউনিয়ন ছাত্রদল চার শতাধিক বৃক্ষরোপণ করেছে। পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

