গাজীপুরের টঙ্গীতে মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার মা সফুরউন নেছা মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে টঙ্গী বাজার মা সফুরউন নেছা মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন মার্কেটের ফোম, দরজা জানালার পর্দা, থাই এ্যালুমিনিয়াম ও কেমিক্যালসহ আশপাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মার্কেটের প্রায় ১৩-১৫টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

