আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এস এম জিলানীর কঠোর বার্তা

আমি নিজেও অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দিব না

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

আমি নিজেও অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দিব না

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেছেন, আমি নিজেও অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দিব না। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে ন্যূনতম ছাড় পাবে না—সে যতই কাছের মানুষ হোক।

শনিবার রাতে কোটালীপাড়ায় কাজী মন্টু ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির এই এমপি বলেন, গণতন্ত্রের এ জাগরণ এসেছে অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে।

তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন, রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়। অতীত ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও কয়েক ঘণ্টার ব্যবধানে সবকিছু বদলে যেতে পারে। তাই ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায়-অত্যাচার, নির্যাতন বা জুলুম থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

জিলানী বলেন, যে কাজ করলে নিজের ব্যক্তিজীবন ও দল ক্ষতিগ্রস্ত হয়, সে কাজ থেকে বিরত থাকবেন। দেশটা আমাদের সবার—কেউ আইনের ঊর্ধ্বে নয়।

নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ছাড়াও এছাড়াও এদিন সন্ধ্যায় তিনি উপজেলার উনশিয়া গ্রামের ভট্টের বাগানে উপস্থিত হয়ে বাউল গান উপভোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় গোপালগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দ এবং কোটালীপাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বিপুল ভোটের ব্যবধান সংসদ সদস্য নির্বাচিত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন