গাজীপুরের টঙ্গীতে এক রিয়েল এস্টেট কোম্পানির মালিকের অফিসের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। সন্ত্রাসীরা নান্টু মিয়া (৩৬) নামে ওই কোম্পানির এক সিকিউরিটি গার্ডকে মারধর করে আহত করে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার দিকে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড কোম্পানির মালিক মো. কামরুজ্জামানের অফিসের সামনে। তবে কামরুজ্জামান ঘটনার দুই মিনিট আগে অফিস ত্যাগ করায় প্রাণে বেঁচে যান বলে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা জানান।
কোম্পানির সিকিউরিটি গার্ড নান্টু জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে দুই ব্যক্তি অফিসের গেটে এসে মায়ের দোয়া রিয়েল এস্টেটের মালিক কামরুজ্জামানকে খুঁজতে থাকেন এবং ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা মালিকের অবস্থান জানতে চান। পরে তারা আমাকে ধরে রাস্তার পাশে নিয়ে যান। এরপর আরও অপরিচিত দুজন লোক এসে চারজনে মিলে আমাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুসি মারতে থাকেন এবং মালিকের প্রকৃত অবস্থান নিশ্চিত করতে বলেন। এতে আমি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে এসে বিষয়টি জানতে চান। এ সময় সন্ত্রাসীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে একটি নোহা গাড়িযোগে পালিয়ে যান।
এ ব্যাপার মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানির মালিক মো. কামরুজ্জামান বলেন, সন্ত্রাসীরা কেন আমাকে খুঁজছে আমার জানা নাই। তবে ইদানীং কেউ আমার কাছে চাঁদা দাবি করেনি। খবর পেয়ে পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে। আমি আমার জীবনের ও কোম্পানির নিরাপত্তা দাবি করছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি গুলির খোসা ও ককটেল-সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। লিখিত কোনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

